বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত: তদন্ত কমিটি গঠন, নিহত ও আহতদের আর্থিক সহায়তা ঘোষণা | Daily Chandni Bazar বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত: তদন্ত কমিটি গঠন, নিহত ও আহতদের আর্থিক সহায়তা ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ২৩:৩৬
বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত: তদন্ত কমিটি গঠন, নিহত ও আহতদের আর্থিক সহায়তা ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত: তদন্ত কমিটি গঠন, নিহত ও আহতদের আর্থিক সহায়তা ঘোষণা

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় সাত দিনমজুর নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের জন্য জরুরি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চবিদ্যালয় এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারি বিধি অনুযায়ী নিহত প্রত্যেকের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুক্রবারই এই সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হবে।

আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন হতে পারে উল্লেখ করে জেলা প্রশাসক স্বেচ্ছায় রক্তদাতাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যোগাযোগের আহ্বান জানান।

দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।