এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে- আবু হাসান | Daily Chandni Bazar এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে- আবু হাসান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ২৩:৪২
এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে- আবু হাসান
নিজস্ব প্রতিবেদক

এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে- আবু হাসান

 বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান বলেছেন, বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে দেশের চলমান পরিস্থিতিতে একটি চক্রের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (মোহাম্মদ আলী হাসপাতাল) মাঠ থেকে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন।

আবু হাসান বলেন, বর্তমানে যারা বগুড়ায় এনসিপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, তারা আগে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তার দাবি। এ কারণে বগুড়ায় এনসিপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটূক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য দেশের রাজনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। তিনি সংশ্লিষ্টদের বক্তব্য ও আচরণে সংযত হওয়ার আহ্বান জানান।

আবু হাসান বলেন, "বগুড়া বিএনপির ঘাঁটি। এখানে এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।"

পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পিটিআই মোড়ে পৌঁছালে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এতে সংহতি প্রকাশ করে অংশ নেন।

সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর অর্জন নয়; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে বলে তিনি দাবি করেন। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সুবিধাভোগী রাজনীতি ও সনদ-বাণিজ্য জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে যুবদল নেতারা আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে সক্রিয় থাকার আহ্বান জানান।