নন্দীগ্রামে সরকারি খাস জমির রাস্তা দখল, চলাচলে চরম দুর্ভোগ; ইউএনওর হস্তক্ষেপ কামনা | Daily Chandni Bazar নন্দীগ্রামে সরকারি খাস জমির রাস্তা দখল, চলাচলে চরম দুর্ভোগ; ইউএনওর হস্তক্ষেপ কামনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ২৩:৫৩
নন্দীগ্রামে সরকারি খাস জমির রাস্তা দখল, চলাচলে চরম দুর্ভোগ; ইউএনওর হস্তক্ষেপ কামনা
নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ

নন্দীগ্রামে সরকারি খাস জমির রাস্তা দখল, চলাচলে চরম দুর্ভোগ; ইউএনওর হস্তক্ষেপ কামনা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া (উত্তরপাড়া) গ্রামে সরকারি খাস জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, রাস্তার ওপর ঘর নির্মাণ এবং মহিষ বেঁধে রাখার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বেলঘড়িয়া উত্তরপাড়া গ্রামের ১৬৮ নম্বর সরকারি খাস জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের শত শত মানুষ চলাচল করে আসছেন। এটি এলাকাবাসীর একমাত্র গুরুত্বপূর্ণ যাতায়াত পথ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।
 
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একই গ্রামের মৃত ছিবতুল্যা ছেলে আঃ সাত্তার ও কোরবান আলী জোর পূর্বক বাড়ী-ঘর নির্মাণ এবং মহিষ বেঁধে রাখায় চলাচলের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
 
এলাকাবাসীর ভাষ্য, বহু বছর ধরে সরকারি এই রাস্তা ব্যবহার হয়ে এলেও হঠাৎ করে তা দখল করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনাটি তদন্ত করে সরকারি জমি দখলমুক্ত করার পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 
আবেদনকারীরা আরও বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা এবং জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। 
 
উক্ত বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন,  অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।