রংপুর নগরীর কোতোয়ালী (সদর) থানায় এক যুবকের বিরুদ্ধে প্রেমের সম্পর্কের পর এক তরুণীকে বিয়ে করে পরে সেই বিয়ের স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর (খোদ্দারপাড়া) এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র মহন্ত থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে শ্যামা রাণী মহন্তের সঙ্গে একই এলাকার পলাশ চন্দ্রের ছেলে পল্লব চন্দ্রের (২২) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে পল্লব চন্দ্র তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে প্রায় তিন মাস আগে তাকে নিয়ে গিয়ে রংপুরে নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, বিষয়টি পরে জানতে পেরে তারা পল্লবের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে প্রথমদিকে বিয়ের বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বিয়ের বিষয়টি অস্বীকার করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। গত ৩০ জুলাই একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এ ছাড়া অভিযুক্ত পক্ষ মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তরুণীর অধিকার নিশ্চিত করার দাবিতে কোতোয়ালী (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরিমল চন্দ্র মহন্ত।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পল্লব চন্দ্র বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালী (সদর) থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।