উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু | Daily Chandni Bazar উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ ২১:২১
উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
সঞ্জু রায়:

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায়
নতুন সড়ক জোনের যাত্রা শুরু

উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, দ্রুত ও সমন্বিত করতে বগুড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন সড়ক জোন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার বিকেল ৪টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় নবনির্মিত সড়ক জোনের প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই জোন চালু হওয়ায় বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত বেগবান হবে। এর ফলে ৫ জেলার সড়ক-সংক্রান্ত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আর রংপুর জোনের ওপর নির্ভরশীল থাকবে না। এতে ফাইল নিষ্পত্তি, প্রকল্প অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাড়বে। উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম রংপুর জোনের আওতায় পরিচালিত হওয়ায় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সময় লাগত। নতুন বগুড়া সড়ক জোন চালু হওয়ায় পাঁচ জেলার সব প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম স্থানীয় পর্যায় থেকেই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে জনগণ দ্রুত সেবা পাবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই দিন বিকেলে করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতেহ আলী সেতু ও শাকপালা পার্কের উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, সড়ক জোনের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নির্মাণ, প্রশস্তকরণ, রক্ষণাবেক্ষণ, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর জরুরি সংস্কার, প্রকল্প তদারকি এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার, কৃষি ও শিল্পপণ্য পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, দক্ষ চালক তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে চালকদের প্রশিক্ষণ, দক্ষতা, শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করা হচ্ছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে সড়ক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং এর সুফল অল্প সময়ের মধ্যেই মানুষ দেখতে পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। পরে অতিথিরা সড়ক ভবন ও শাকপালা পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।