জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ আশরাফুল হক ডনকে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।
ওসি বলেন, সিআইডিতে এ-সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।
দীর্ঘ সময় পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনসহ ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।