বগুড়ায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ | Daily Chandni Bazar বগুড়ায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ ২৩:৫৬
বগুড়ায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপশ সরকার (৩৫) ও তার ছেলে তীব্র সরকার (১৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহত নূর ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, ভোরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়। পরে চালক ও সহকারী ট্রাকটির চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় রংপুরগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত তাপশ সরকারের শ্যালক নয়ন রায় বলেন, ট্রাকের চাকা নষ্ট হওয়ার পর তাপশ তার ছেলে তীব্রকে চাকা নিয়ে আসতে বলেন। পরে বাবা-ছেলে মিলে ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের কেবিন দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে সময় লাগে। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মুঞ্জুর মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করছে। দুর্ঘটনাকবলিত যানবাহন ও মালামাল সড়ক থেকে সরানোর কাজ চলছে। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।