বগুড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন সড়ক জোন চালুর ফলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, এতদিন এই অঞ্চলের মানুষকে ছোটখাটো ও মাঝারি ধরনের কাজের জন্যও রংপুরে যেতে হতো। নতুন জোন চালুর ফলে এখন থেকে ঘরের কাছেই সেবা পাওয়া যাবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় সওজের নতুন সড়ক জোনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সওজ সূত্রে জানা গেছে, নতুন জোন গঠনের ফলে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ—এই পাঁচ জেলার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম বগুড়া জোনের মাধ্যমে পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানান, এতদিন এসব জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম রংপুর জোনের মাধ্যমে পরিচালিত হতো। নতুন জোন চালুর ফলে এসব কাজ এখন বগুড়া থেকেই পরিচালনা করা সম্ভব হবে।
এর ফলে সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের গতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পাঁচ জেলার মানুষের প্রশাসনিক ভোগান্তিও কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
অনুষ্ঠানের শেষ অংশে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সড়ক ভবন চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।