গাজী সালাউদ্দিন আহমেদের ৩ দিনের রিমান্ড | Daily Chandni Bazar গাজী সালাউদ্দিন আহমেদের ৩ দিনের রিমান্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ ২৩:৫৬
গাজী সালাউদ্দিন আহমেদের ৩ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক

গাজী সালাউদ্দিন আহমেদের ৩ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের (৪২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, আদালত গাজী সালাউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে এখনো তাকে থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে থানায় আনা হবে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং কী কারণে তিনি এ ধরনের মন্তব্য করেছেন, তা জানতে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত ৫ আগস্ট ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাড়ি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।