বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ৬৯টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ৪-এপিবিএন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার।
৪-এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জুলাই মাসে বগুড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৬৯টি মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম সেল। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৪ হাজার ৭১৬ টাকা।
এ ছাড়া বিকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া অর্থের দুটি ঘটনা তদন্ত করে মোট ৪৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মোবাইল ফোন ও টাকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪-এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার নাসির উদ্দীন মণ্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
৪-এপিবিএন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার বলেন, শুধু মোবাইল ফোন ও অর্থ উদ্ধার নয়, গত জুলাই মাসে সাইবার ক্রাইম সেল আরও বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে। এর মধ্যে অপরাধের শিকার তিনজন ভুক্তভোগীকে উদ্ধারে সহায়তা করা হয়েছে।
তিনি বলেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো হ্যাকিংয়ের মতো জটিল প্রযুক্তিগত অপরাধের সমাধানের পাশাপাশি সাইবার বুলিং বা অনলাইনে হয়রানির শিকার ব্যক্তিদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাইবার অপরাধসংক্রান্ত যেকোনো সহযোগিতা ও পরামর্শের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের বগুড়া সাইবার ক্রাইম সেল সবসময় প্রস্তুত রয়েছে।