এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া | Daily Chandni Bazar এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ ০০:০৮
এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া
নিজস্ব প্রতিবেদক

এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

 এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার সাফল্যের শীর্ষে রয়েছে বগুড়া। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় বোর্ডের আট জেলার মধ্যে প্রথম হয়েছে এ জেলা।

এবার বগুড়ায় ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন। জেলার পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।

রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

পাসের হারে বগুড়ার পরের অবস্থানে রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম—৫৮ দশমিক ৬৪ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও অন্য জেলাগুলোর তুলনায় এগিয়ে রয়েছে বগুড়া। এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার তুলনায় বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২৯ জন বেশি।

রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে এবার শুধু বগুড়াতেই পাসের হার ৭০ শতাংশের বেশি। অন্যদিকে সিরাজগঞ্জে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে।