রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন | Daily Chandni Bazar রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ ০০:২৩
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন
ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।


সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন।

উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার শিক্ষার্থী পাস করেছে। গত সাত বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সে হিসাবে এ বছরই সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার। ফলাফলে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ১৩ দশমিক ৪০ শতাংশ এগিয়ে রয়েছে ছাত্রীরা।


জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এ বছর রাজশাহী বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় পরিবর্তন এসেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ৯৯টি। এর আগে ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।


এবিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, বর্তমান সরকার পরিমাণের চেয়ে শিক্ষার মানের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। এ কারণে শুরুতে কিছুটা ধাক্কা খেতে হবে। সামনে বোর্ডের ফলাফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।