স্বামী-স্ত্রী সেজে বাসে ইয়াবা পাচার, ২ হাজার পিসসহ গ্রেপ্তার ২ | Daily Chandni Bazar স্বামী-স্ত্রী সেজে বাসে ইয়াবা পাচার, ২ হাজার পিসসহ গ্রেপ্তার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ০০:২৬
স্বামী-স্ত্রী সেজে বাসে ইয়াবা পাচার, ২ হাজার পিসসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

স্বামী-স্ত্রী সেজে বাসে ইয়াবা পাচার, ২ হাজার পিসসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে ইয়াবা পাচার করছিলেন বলে জানিয়েছে ডিএনসি।

বুধবার (১৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় শালকী সুপার পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের কোতোয়ালি থানার জীবনপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে আব্দুল হামিদ (৩৮) এবং বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মুসলিম উদ্দিনের মেয়ে মৌ বেগম (১৮)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে শালকী সুপার পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় টিকিটবিহীন দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে আব্দুল হামিদের জিন্স প্যান্টের পকেট থেকে এক হাজার পিস এবং মৌ বেগমের কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আসামিরা স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসে উঠেছিলেন। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, ইয়াবার এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।