সিংড়ায় তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ | Daily Chandni Bazar সিংড়ায় তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ০১:১০
সিংড়ায় তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়ায় তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

নতুনত্ব এবং ব্যতিক্রমী কিছু করার দৃঢ় প্রত্যয় নিয়ে নাটোরের সিংড়া উপজেলার শিববাড়ি বাজারে যাত্রা শুরু করেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাবসাইন ফ্যাশন’। তিন বন্ধুর হাত ধরে গড়ে ওঠা এই উদ্যোগ স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত পোশাক তৈরিতে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

 
অ্যাবসাইন ফ্যাশনের পেছনে রয়েছেন বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনজন অদম্য তরুণ তারা হলেন, বাবু মন্ডল (৩৬): কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এইচএসসি ও ডিপ্লোমা সম্পন্ন করা বাবু পূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার পয়েন্টে কাজ করতেন।
 
সোহাগ আলী সরদার (২৪): ভাগনাগরকান্দী গ্রামের আকরাম হোসেনের ছেলে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। 
 
আব্দুল্লাহ আল আরিফ (৩১): পিতা মুনসুর আলী সরদার, আত্রাই উপজেলার নন্দীগ্রামে তার বসবাস। গার্মেন্টস সেক্টরে দীর্ঘ ১৩ বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তার।
 
সম্পর্কের দিক থেকে বাবু মন্ডল ও সোহাগ আলী মামাতো-ফুফাতো ভাই, আর আরিফ হলেন বাবু মন্ডলের ভগ্নিপতি। পারিবারিক এই সুদৃঢ় বন্ধন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনজনের যৌথ চিন্তাধারা থেকেই জন্ম নেয় ‘অ্যাবসাইন’।
 
নাটোরের সিংড়া উপজেলার ০৮ নং শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানে প্রায় ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় একই বছরের মার্চ মাসে। বর্তমানে ৮টি আধুনিক সেলাই মেশিন নিয়ে প্রতিষ্ঠানটি চলছে। নিত্যপ্রয়োজনীয় পোশাকের মধ্যে তারা নিয়মিত টি-শার্ট, পলো শার্ট, সুইট শার্ট, জার্সি, ট্রাউজার ও হুডি তৈরি করছেন।
 
আইটি ও আধুনিকতার ছোঁয়া দিতে অনলাইন ডিজাইন ও মার্কেটিং সেক্টরের সার্বিক দায়িত্ব সামলাচ্ছেন সোহাগ আলী। অন্যদিকে কারখানার উৎপাদন ও কাজের তত্ত্বাবধান করছেন বাবু মন্ডল ও আবদুল্লাহ আল আরিফ।
 
বাবু মন্ডল জানান, কাজের চাপ বাড়লে নিয়মিত ৩ থেকে ৪ জন স্থানীয় কর্মচারী তাদের সাথে কাজে যোগ দেন, যা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানে ভূমিকা রাখছে। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশের টি শার্ট তৈরিতে চমক ছিলো তাদের। 
 
স্থানীয় বাসিন্দা সামাউন আলী সহ অনেকে জানান, অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও আধুনিক বিপণন ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা ‘অ্যাবসাইন ফ্যাশন’ মানসম্মত পোশাক সরবরাহের মাধ্যমে নিজেদের একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। এলাকায় এমন প্রতিষ্ঠান গড়ে উঠায় খুশি ও তারা। প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করেন।