বাসি মাছের তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩ | Daily Chandni Bazar বাসি মাছের তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬ ২৩:১৪
বাসি মাছের তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩
নিজস্ব প্রতিবেদক

বাসি মাছের তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩

বগুড়ার ধুনট উপজেলায় বাসি মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে শাহীনুর খাতুন ৪৫ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই খাবার খেয়ে তার পরিবারের আরও তিনজন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে শাহীনুরের মেয়ে সাথী খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীনুর ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট বিকেলে সাইফুল ইসলাম স্থানীয় মরিচতলা বাজার থেকে পাঙাশ মাছ কিনে বাড়িতে নিয়ে যান। ওই মাছের তরকারি রান্না করে রাতে পরিবারের সদস্যরা ভাতের সঙ্গে খান। পরিবারের চার সদস্য সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহীনুর খাতুন, মেয়ে সাথী খাতুন ২২ ও জামাতা সুমন হাসান ২৬ ওই খাবার খান। খাওয়ার পর কিছু তরকারি অবশিষ্ট থাকায় তা রান্নাঘরে রেখে দেওয়া হয়।

পরদিন সকালে ওই বাসি মাছের তরকারি দিয়ে আবারও ভাত খান পরিবারের চার সদস্য। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নেন তারা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বজনরা তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে শাহীনুর খাতুনের মৃত্যু হয়। এদিকে সাইফুল ইসলাম ও সুমন হাসান সুস্থ হয়ে উঠলেও সাথী খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একই পরিবারের চারজন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে এখনো কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।