বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫টিতে।
মঙ্গলবার ২৫ আগস্ট ও বৃহস্পতিবার ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তানিয়া ফেরদৌস।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ২৫ আগস্ট থেকে শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়কে ২৭ আগস্ট থেকে গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হিসেবে সরকারীকরণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি অ-বদলিযোগ্য থাকবে।
দুটি বিদ্যালয় সরকারীকরণের খবরে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
গাবতলীর বাসিন্দা আবদুল্লাহ আল নোমান সাব্বির বলেন, স্কুলটি সরকারি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এখন থেকে এলাকার শিক্ষার্থীরা আরও উন্নতমানের শিক্ষার সুযোগ পাবে।
শিবগঞ্জের বাসিন্দা রমজান আলী বলেন, জেলা শহর থেকে এলাকাটি কিছুটা দূরে হওয়ায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা পেতে নানা সমস্যায় পড়তে হতো। বিদ্যালয়টি সরকারি হওয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা কম খরচে ভালোভাবে পড়ালেখার সুযোগ পাবে।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, নতুন এই দুটি বিদ্যালয়সহ জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে। এর আগে জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল ১৩টি।