শেরপুরে সনদ ছাড়াই চিকিৎসা, কথিত ভূয়া চিকিৎসককে জরিমানা-কারাদণ্ড | Daily Chandni Bazar শেরপুরে সনদ ছাড়াই চিকিৎসা, কথিত ভূয়া চিকিৎসককে জরিমানা-কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬ ০০:০১
শেরপুরে সনদ ছাড়াই চিকিৎসা, কথিত ভূয়া চিকিৎসককে জরিমানা-কারাদণ্ড
শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ

শেরপুরে সনদ ছাড়াই চিকিৎসা, কথিত ভূয়া চিকিৎসককে জরিমানা-কারাদণ্ড

সুনীল কুমার বিশ্বাস। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্বীকৃত চিকিৎসা ডিগ্রি ও সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাস নামে এক কথিত চিকিৎসককে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে স্যানালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত সুনীল কুমার বিশ্বাস ওই এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে।

অভিযোগ রয়েছে, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি ব্যবস্থাপত্র দেওয়া, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব করা এবং শল্যচিকিৎসার মতো কার্যক্রমও পরিচালনা করছিলেন।

অভিযানে তার চেম্বারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।