বগুড়ার মোকামতলায় চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছেন মুকুল হোসেন ওরফে পুতুল (৪৭) নামের এক ব্যক্তি। পরে তাকে আটকে রেখে মাথা ন্যাড়া করে দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মোকামতলা উপজেলার বাদিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মুকুল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের দেবচণ্ডী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাদিয়াচড়া গ্রামের আব্দুর রহিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মুকুল। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। একপর্যায়ে তাকে আটকে রেখে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
খবর পেয়ে শনিবার সকাল ৭টার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলী ঘটনাস্থলে গিয়ে মুকুলকে পুলিশি হেফাজতে নেন।
এসআই আনছার আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিই। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির নয়টি মামলা রয়েছে। আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’