বগুড়ায় দুই বেকারিকে ১৮ হাজার টাকা জরিমানা, ১০ ট্রে কেক ধ্বংস | Daily Chandni Bazar বগুড়ায় দুই বেকারিকে ১৮ হাজার টাকা জরিমানা, ১০ ট্রে কেক ধ্বংস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৪২
বগুড়ায় দুই বেকারিকে ১৮ হাজার টাকা জরিমানা, ১০ ট্রে কেক ধ্বংস
আদমদীঘি, বগুড়া সংবাদদাতা

বগুড়ায় দুই বেকারিকে ১৮ হাজার টাকা জরিমানা, ১০ ট্রে কেক ধ্বংস

 বগুড়ার আদমদীঘিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এবং কালিযুক্ত পেপারে তৈরি ১০ ট্রে কেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার প্রবাসীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা, কালিযুক্ত পেপারে কেক তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সবুজ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কালিযুক্ত পেপারে তৈরি ১০ ট্রে কেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ ছাড়া পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করায় নিউ আজাদ বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় আদমদীঘি উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. কামাল হোসেন এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।