সরকারি গাড়িতে চা-পার্টিতে যাওয়ার পথে দুর্ঘটনা, এসিল্যান্ডসহ কয়েকজনকে গণপিটুনির অভিযোগ | Daily Chandni Bazar সরকারি গাড়িতে চা-পার্টিতে যাওয়ার পথে দুর্ঘটনা, এসিল্যান্ডসহ কয়েকজনকে গণপিটুনির অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪২
সরকারি গাড়িতে চা-পার্টিতে যাওয়ার পথে দুর্ঘটনা, এসিল্যান্ডসহ কয়েকজনকে গণপিটুনির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

সরকারি গাড়িতে চা-পার্টিতে যাওয়ার পথে দুর্ঘটনা, এসিল্যান্ডসহ কয়েকজনকে গণপিটুনির অভিযোগ

আদমদীঘি বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম সাপ্তাহিক ছুটির দিনে সরকারি গাড়িতে বন্ধুদের নিয়ে পাশের জেলা নওগাঁর টু-স্টার হোটেল মল্লিকা ইনে চা-পার্টিতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক, এসিল্যান্ডের সঙ্গে থাকা বন্ধুরা ও এসিল্যান্ডকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি গত শুক্রবার ২৮ আগস্ট সন্ধ্যায় আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকায় ঘটেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো অভিযোগ দায়ের না হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নওগাঁর মল্লিকা ইনে যাওয়ার পথে পূর্ব ঢাকা রোডের পশ্চিম সিংড়া এলাকায় মারুফ নামের এক মোটরসাইকেলচালকের দ্রুতগতির বাইকের ধাক্কায় রোস্তম আলী নামে এক পথচারী আহত হন। স্থানীয় লোকজন পরিস্থিতি সামাল দিতে মোটরসাইকেলচালক মারুফকে একটি ঘরে আটকে রাখেন এবং আহত রোস্তম আলীকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান।

পরে বিষয়টি মোবাইল ফোনে জানাজানি হলে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকজনের উশৃঙ্খল কথাবার্তাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওই নেতা-কর্মীদের সঙ্গে থাকা লোকজন এবং সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলামকে ঘেরাও করে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে উত্তেজিত অবস্থায় দেখা গেলেও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, একজন সরকারি কর্মকর্তা ছুটির দিনে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে নওগাঁ যাওয়ার বিষয়টি এলাকায় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত না করে সরকারি গাড়ি ব্যবহারের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রোববার সকালে সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ছুটির দিনে বন্ধুদের নিয়ে নওগাঁর মল্লিকা ইনে যাচ্ছিলাম। পথে দুর্ঘটনা দেখে গাড়ি থামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি মাত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, এ ধরনের হট্টগোল বা মারামারির ঘটনা শুনেছি। এসিল্যান্ড ঘটনাস্থলে কেন গিয়েছিলেন, তা আমার জানা নেই।

ছুটির দিনে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তেলের চালানের জন্য আবেদন করে সরকারি গাড়ি ব্যবহার করা যায়। তবে এসিল্যান্ড এ বিষয়ে কোনো চালান বা লিখিতভাবে তাকে জানাননি।