যৌতুকের জন্য মিমকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী-শ্বশুর গ্রেপ্তার | Daily Chandni Bazar যৌতুকের জন্য মিমকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী-শ্বশুর গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫২
যৌতুকের জন্য মিমকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী-শ্বশুর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

যৌতুকের জন্য মিমকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় যৌতুকের জন্য মিম খাতুনকে পিটিয়ে হত্যার মামলায় পলাতক প্রধান আসামি স্বামী সোহেল রানা ও তার বাবা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। সোমবার ভোরে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাবতলী উপজেলার বাওইটোনা গ্রামের সোহেল রানা, ৩২, ও তার বাবা জামাল উদ্দিন, ৫৮।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের মার্চে ইসলামী শরিয়াহ অনুযায়ী সোহেল রানার সঙ্গে মিম খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষ নগদ এক লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র দেয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই আবারও মোটা অঙ্কের যৌতুকের দাবিতে মিমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

নির্যাতনের একপর্যায়ে মিম বাবার বাড়িতে চলে গেলেও পরে পারিবারিকভাবে তাকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়।

গত ২ আগস্ট রাতে সোহেল রানা তার শাশুড়ি সোলেনা বেগমকে ফোন করে জানান, মিম অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর আবার ফোন করে মিমের মৃত্যুর খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনেরা গিয়ে মিমের মরদেহ দেখতে পান। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ তোলা হয়।

এ ঘটনায় নিহত মিমের বাবা বাদী হয়ে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা ও তার বাবা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।