স্ত্রীর তালাক মেনে নিতে পারলেন না যুবক | Daily Chandni Bazar স্ত্রীর তালাক মেনে নিতে পারলেন না যুবক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪২
স্ত্রীর তালাক মেনে নিতে পারলেন না যুবক
নিজস্ব প্রতিবেদক

স্ত্রীর তালাক মেনে নিতে পারলেন না যুবক

বৈবাহিক কলহ ও অভিমানের জেরে বগুড়ার শেরপুরে তামিম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বিষপানের পর টানা এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহত তামিম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিষয়টি মেনে নিতে না পেরে তামিম মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান স্বজনেরা।

গত ২৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে ফুলতলা গ্রামে নিজ বাড়িতে তামিম বিষাক্ত ঘাসমারা ওষুধ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।