গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া ‘হ্যাঁ’ রায় উপেক্ষা করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার সাতমাথার খোকন পার্কে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের গণরায় কার্যকর করা এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
মামুনুল হক বলেন, গত ১২ ফেব্রুয়ারি একই তফসিলে ও একই নির্বাচন কমিশনের অধীনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে সরকার যদি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বানচাল করার চেষ্টা করে, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। গণভোটের ফলাফলকে অবৈধ বলা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।
তিনি বলেন, অতীতে সংবিধানে ১৭ বার সংশোধন আনা হলেও পরবর্তী সময়ে সরকার বা আদালতের সিদ্ধান্তে সেগুলো টেকসই হয়নি। তাই সংবিধানে ‘আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এমনভাবে সংযোজন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা আদালত তা বাতিল করতে না পারে।
মামুনুল হক আরও বলেন, আগামী দিনের সরকারকে ফ্যাসিবাদমুক্ত রাখতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। একই সঙ্গে ইসলামপন্থি দলগুলোর মধ্যে পারস্পরিক বিভেদ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা সেক্রেটারি মুফতি মামুন রহমানী। এতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।