নড়াইলে মাদ্রাসার ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে গাজীপুর নগরীর গাছা থানার কলাগাছর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানিয়েছেন।
গ্রেপ্তার ২৫ বছর বয়সী মাহাবুবুর রহমান নড়াইল সদর উপজেলার বলরামপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাসীর উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক ৪৫ দিনের প্রশিক্ষণে যাওয়ার সময় মাহাবুবুর রহমানকে সেখানে পড়ানোর দায়িত্ব দিয়ে যান। এরপর বিভিন্ন সময়ে মাহাবুবুর শিশু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন।
গত ২৭ আগস্ট এক শিশুকে ধর্ষণ করলে পরদিন বিকালে তার মা মাদ্রাসায় গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে আরও পাঁচ শিক্ষার্থী তাদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে জানায়।
পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, “এরপর মাহাবুবুর রহমান মাদ্রাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার বিকালে সদর থানায় মামলা করেন।
“মামলা দায়েরের পর সদর থানা পুলিশের একটি দল আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে মাহাবুবুর রহমানকে আদালতে পাঠানো হয়।”