ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা জাহেদুলের, ১০ হাজার মানুষের মধ্যাহ্নভোজ | Daily Chandni Bazar ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা জাহেদুলের, ১০ হাজার মানুষের মধ্যাহ্নভোজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০২
ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা জাহেদুলের, ১০ হাজার মানুষের মধ্যাহ্নভোজ
ক্ষেতলাল, জয়পুরহাট সংবাদদাতা

ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা জাহেদুলের, ১০ হাজার মানুষের মধ্যাহ্নভোজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম। এ আয়োজনের মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) তুলসীগঙ্গা ইউনিয়নের মনঝার বাজারে এ আয়োজন করা হয়। এতে ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকেরা অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন জাহেদুল ইসলাম।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সকাল থেকেই মনঝার উচ্চ বিদ্যালয় মাঠে রান্নার কার্যক্রম শুরু হয়। মধ্যাহ্নভোজে একটি গরু, একটি খাসি, ২০ মণ চাল ও ১৩ মণ ডাল রান্না করে পরিবেশন করা হয়।

আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন জাহেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীগঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আরও দুজন বিএনপি নেতা। তারা হলেন ক্ষেতলাল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর।

অনুষ্ঠানকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মী ও সমর্থকদের দাওয়াত দেন জাহেদুল ইসলাম।

জাহেদুল ইসলাম বলেন, ‘আমি একজন বিএনপির কর্মী। ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং কৃষকদের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিকসেবা সহজ ও গতিশীল করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় রয়েছে তাঁর।

স্থানীয় আব্দুর রশিদ মাস্টারসহ কয়েকজন সমর্থক বলেন, জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতা করে আসছেন। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তুলসীগঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৮ হাজার ৫৯৩ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ২৮৮ এবং নারী ভোটার ৪ হাজার ৩০৫ জন।