বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনের অভিযোগে ‘ডলার চানাচুর অ্যান্ড সেমাই’ কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর চেলোপাড়া এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশনায় দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজালাল।
অভিযানে কারখানাটিতে পা দিয়ে মাড়িয়ে চানাচুর তৈরির জন্য ময়দার ডো প্রস্তুত করতে দেখা যায়। একইভাবে ময়লা মেঝেতে পা দিয়ে চেপে চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। এছাড়া দীর্ঘদিনের পুরোনো পোড়া তেল ও অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর ভাজার অভিযোগ পাওয়া যায়।
অভিযানকারীরা আরও দেখতে পান, নোংরা মেঝেতে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষণ করা হচ্ছে। কারখানার কর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানতে দেখা যায়নি।
অভিযানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনিয়মের বিষয়টি স্বীকার করা হলে ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা জরিমানা করেন। পরে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সরকারের সব আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।