স্ত্রী হত্যার দায়ে বগুড়ায় স্বামীর যাবজ্জীবন | Daily Chandni Bazar স্ত্রী হত্যার দায়ে বগুড়ায় স্বামীর যাবজ্জীবন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৮
স্ত্রী হত্যার দায়ে বগুড়ায় স্বামীর যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক

স্ত্রী হত্যার দায়ে বগুড়ায় স্বামীর যাবজ্জীবন

বগুড়ায় স্ত্রী মর্জিনা বেগমকে (২৮) নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওমর ফারুককে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বগুড়ার বিশেষ দায়রা জজ আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হারুনুর রশিদ।

মামলার বিবরণে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার লানুকা গ্রামের মনতাজ সাকিদারের মেয়ে মর্জিনা খাতুনের সঙ্গে একই উপজেলার ধাপসুকানগাড়ি গ্রামের জামাল প্রামাণিকের ছেলে ওমর ফারুকের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সঞ্জয়পুর এলাকায় বসবাস করতেন ওমর ফারুক।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি দিনগত রাত ২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হয়। এর জেরে শয়নকক্ষে মর্জিনার ওপর নির্যাতন চালানোর পর তাকে শ্বাসরোধে হত্যা করেন ওমর ফারুক।

পরদিন সকালে পরিবারের সদস্যরা খবর পেয়ে শয়নকক্ষের খাটের ওপর মর্জিনার মরদেহ দেখতে পান। পরে নিহতের বাবা মনতাজ সাকিদার বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ ওমর ফারুককে গ্রেপ্তার করে। পরে তিনি স্ত্রী মর্জিনাকে হত্যার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এহসানুল হক বাবু।