কুমিল্লায় পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar কুমিল্লায় পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৫
কুমিল্লায় পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার বরুড়ায় পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের উত্তর উড্ডা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উত্তর উড্ডা এলাকায় স্থানীয় কয়েকজন বাসিন্দা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বরুড়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর দুই পা বাঁধা ছিল। তাঁর মাথা কাদা-মাটির নিচে চাপা এবং মুখমণ্ডল কাদা-মাটিতে ঢাকা ছিল। মরদেহের অবস্থা বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থান থেকে ওই নারীকে সেখানে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কোথা থেকে তাঁকে সেখানে আনা হয়েছিল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, উত্তর উড্ডা এলাকা থেকে পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা কাদা-মাটির নিচে চাপা ছিল। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।