রাজশাহীতে ৩৩০ বস্তা সার জব্দ, ব্যবসায়ী পলাতক | Daily Chandni Bazar রাজশাহীতে ৩৩০ বস্তা সার জব্দ, ব্যবসায়ী পলাতক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩২
রাজশাহীতে ৩৩০ বস্তা সার জব্দ, ব্যবসায়ী পলাতক
রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহীতে ৩৩০ বস্তা সার জব্দ, ব্যবসায়ী পলাতক

রাজশাহীর পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে কালোবাজারির উদ্দেশ্যে পরিবহনের সময় আরও ১০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্তিকপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী।

অভিযানে কার্তিকপাড়া বাজারের ‘নিশি কীটনাশক বিপণী’র মালিক সাইদুল ইসলামের দুটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় গোডাউনের তালা ভেঙে ইউরিয়া, এমওপি, টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন ধরনের ৩৩০ বস্তা সার জব্দ করা হয়।

এ ছাড়া রাতের আঁধারে সার কালোবাজারির উদ্দেশ্যে পরিবহনের সময় স্থানীয় যুবকেরা একটি ভ্যানগাড়ি আটক করেন। পরে ওই ভ্যান থেকে পাঁচ বস্তা টিএসপি ও পাঁচ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। উদ্ধার করা ১০ বস্তা সার প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, অভিযানে জব্দ করা ৩৩০ বস্তা বিভিন্ন ধরনের সার বিসিআইসি ডিলারের গোডাউনে সংরক্ষণ করা হয়েছে। এসব সার সাধারণ কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ইউএনও লিয়াকত সালমান বলেন, অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী সাইদুল ইসলাম পালিয়ে যান। পরে কার্তিকপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে দুটি গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে সার মজুত বা কালোবাজারির ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।