বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক প্রাচীর নির্মাণের চেষ্টা এবং অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. আনোয়ার হোসেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বগুড়া শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন অভিযোগ করেন, ওই দিন দুপুর সাড়ে ১টার দিকে মো. গাজীয়ুর রহমান, মো. তাজউদ্দিন সুমন ও আরিফুল ইসলাম সৌখিনসহ শতাধিক ব্যক্তি তাঁর দখলীয় জমিতে ইট দিয়ে প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁর পরিবারের সদস্যদের লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, গত ৭ মে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি মামলায় উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ওই আদেশ অমান্য করে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তাঁকে ‘যুবলীগের ক্যাডার বাহিনীর প্রধান’ ও ‘চাঁদাবাজ’ হিসেবে উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে বগুড়ার পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মিথ্যা মামলার হুমকি থেকে সুরক্ষা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।