বগুড়ার ধুনট উপজেলার একটি জামে মসজিদের মাইকসেটসহ মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার ফড়িংহাটা পূর্বপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা ওই মসজিদের জানালার গ্লাস ভেঙে এবং গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মাইকসেট, মাইক্রোফোন ও প্রায় ৬০ গজ তারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা মসজিদের একটি বাঙ্ও খুলে দেখে। সেখানে কাফনের কাপড় থাকায় সেটি নেয়নি। এছাড়া মসজিদের ব্যাটারি খুলে ফেললেও সেটি সঙ্গে নিয়ে যেতে পারেনি। পরে ব্যাটারিটি ঘটনাস্থলেই রেখে যায়।
মসজিদের কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ফড়িংহাটা এলাকায় একটি ভাটার ভেতরে গভীর রাত পর্যন্ত বখাটে যুবকদের আড্ডা চলে। তাদের অনেকেই মাদক সেবন করে বলেও অভিযোগ রয়েছে। মাদকসেবীরাই এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
মসজিদ কমিটির সভাপতি আবু হোসেন বলেন, ‘‘বাঙ্ খুলে কাফনের কাপড় পাওয়ায় সেটি নেয়নি। তবে মাইকসেট, মাইক্রোফোন, প্রায় ৬০ গজ তার ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। ব্যাটারি খুলে রেখে গেলেও নিতে পারেনি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’’
তবে এলাকাবাসীর দাবি, মাদকসেবী ও বখাটেদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে চুরি-ডাকাতিসহ এলাকার অন্যান্য অপরাধ অনেকটাই কমে আসবে।
এবিষয়ে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পটু বলেন, মসজিদের মালামাল চুরির বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। তারা এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।