বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে কয়েকটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
পুলক চ্যাটার্জি বিভিন্ন দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি ছিলেন। তিনি দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
স্থানীয় কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক জানান, সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশার মধ্যে ছিলেন। তাঁদের ধারণা, এ হতাশা তাঁর মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।