কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জে ও বগুড়া জেলায় শ্রেষ্ঠ সদর থানার ওসি ইব্রাহিম আলী | Daily Chandni Bazar কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জে ও বগুড়া জেলায় শ্রেষ্ঠ সদর থানার ওসি ইব্রাহিম আলী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৯
কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জে ও বগুড়া জেলায় শ্রেষ্ঠ সদর থানার ওসি ইব্রাহিম আলী
নিজস্ব প্রতিবেদক

কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জে ও বগুড়া জেলায় শ্রেষ্ঠ সদর থানার ওসি ইব্রাহিম আলী

কর্মমূল্যায়নে সাফল্যের স্বীকৃতি হিসেবে গত জুলাই মাসে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এবং আগস্ট মাসে বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, জনগণের জানমাল রক্ষাসহ থানার সার্বিক কার্যক্রমে দক্ষতা ও কর্মতৎপরতার ভিত্তিতে কর্মমূল্যায়নে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের কাছ থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বগুড়া সদর থানার ওসি।
জানা গেছে, জুলাই মাসের কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের আওতাধীন ৭১টি থানার মধ্যে সার্বিক কার্যক্রম বিবেচনায় বগুড়া সদর থানা শ্রেষ্ঠত্ব অর্জন করে। পরবর্তীতে আগস্ট মাসের কর্মমূল্যায়নেও বগুড়া জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পান সদর থানার ওসি।
এ অর্জনের জন্য রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়ার পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
একই সঙ্গে বগুড়া সদর থানার সকল সহকর্মীর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘থানার সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণেই এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। এ স্বীকৃতি আমাদের সকলের।’
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়া সদর থানা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া সদর থানার সকলের সহযোগিতা কামনা করেন তিনি।