প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৬
বগুড়ায় খাসির নামে ভেড়ার মাংসের কাচ্চি বিক্রি, জরিমানা ১৫ হাজার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির নামে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহারের অভিযোগে দুই বিরিয়ানির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও অপরিশোধিত লবণ ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান নেতৃত্ব দেন। এ সময় স্টেশন রোডের রয়েল কাচ্চি ও ঢাকা কাচ্চি ডাইন পরিদর্শন করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠান দুটি খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির কথা প্রচার করলেও খাবার তৈরিতে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহার করা হচ্ছিল। এমনকি মূল্য তালিকায়ও শুধু খাসির মাংসের কথা উল্লেখ ছিল। এতে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে।
এ ছাড়া পরিদর্শনের সময় রান্নাঘরে অপরিশোধিত লবণ ব্যবহার এবং চরম অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের বিষয়টি ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে রয়েল কাচ্চিকে ৫ হাজার টাকা এবং ঢাকা কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।