শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান | Daily Chandni Bazar শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২১
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
এনামুল হক, বগুড়া:

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে বগুড়ার শেরপুরে সড়ক ও হাট-বাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ সময় ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। সকালে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে বাসস্ট্যান্ডের ফলপট্টি থেকে ধুনট মোড় পর্যন্ত মহাসড়ক এবং বারোদুয়ারী হাট ও বিকালবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।

অভিযানে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কাউট, বিএনসিসি, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্ন শেরপুর গড়তে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।