বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের শাটার ও তালা কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির অভিযোগে আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
চুরি করে পালানোর পর ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার আল-আমিন (৩০), ইসরাফিল রহমান (২৭), আক্কাস আলী (৩৫), হৃদয় (৩৪); নরসিংদীর রায়পুরা এলাকার ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার ইয়াছিন আরাফাত (৩৮); কুমিল্লার চান্দিনা এলাকার রবিউল (৩৩) এবং মুরাদনগরের আলাউদ্দিন (২৫)। তাঁদের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান ‘মাসুদ টেলিকম’-এর স্বত্বাধিকারী মাসুদ রানা। বুধবার সকাল ৭টার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে বিষয়টি মাসুদ রানাকে জানানো হয়।
খবর পেয়ে দোকানে গিয়ে ধুনট থানার পুলিশকে জানান মাসুদ রানা। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে, আট ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা ভাড়া করে শেরপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে তাঁরা শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন।
পরে ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানার সমন্বিত অভিযানে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় আটজনকে আটক এবং তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাসুদ রানা বলেন, দোকান থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন চুরি হয়েছে। চুরির পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয় এবং স্থানীয়দের সহযোগিতায় চোরদের পালানোর পথ সম্পর্কে তথ্য পাওয়া যায়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।