বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় গিয়ে চাকরিতে যোগ দেওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার শ্যামপুরের একটি ডাইং কারখানা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিনজন হলো—বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। তারা সবাই দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর তিন কিশোরী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা স্কুলে যায়নি এবং পরে বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পুলিশকে জানান। পরে হাফসা ও নাদিয়ার বাবা বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে তিন কিশোরীর অবস্থান ঢাকায় শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানা-পুলিশের একটি দল কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় শ্যামপুর এলাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে সোনিয়া ডাইং হাউস নামের একটি কারখানা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুবর্ণার প্রতিবেশী সুমি (৩০) ঢাকায় চাকরি করেন। পূর্বপরিচয়ের সূত্রে সুবর্ণার সঙ্গে তার যোগাযোগ ছিল। ওই যোগাযোগের মাধ্যমে তিন কিশোরী চাকরির উদ্দেশ্যে ঢাকায় যায়। পরে তারা শ্যামপুরের সোনিয়া ডাইং হাউসে কাজে যোগ দেয়।
উদ্ধারের পর পুলিশ তিন কিশোরীকে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানা-পুলিশ কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।