বগুড়ার সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ আর্থিক সংকটে থাকা এক শিক্ষার্থীর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণে সহায়তা করেছেন।
সম্প্রতি ওই শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পরীক্ষার ফরম পূরণ ও প্রয়োজনীয় খরচ জোগাড় করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে নাহিদ ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা দেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের বিষয়টিও তিনি তদারকি করেন। তার সহযোগিতায় ওই শিক্ষার্থীর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ সম্পন্ন হয়।
সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ বলেন, ‘অর্থাভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ না হয়, সেটিই আমাদের লক্ষ্য। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির মূল্য নেই। আমরা চাই, ক্যাম্পাসে এমন একটি পরিবেশ গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের পাশে দাঁড়াবে।’
সহায়তা পাওয়া ওই শিক্ষার্থী বলেন, ‘আর্থিক সংকটের কারণে পরীক্ষার ফরম পূরণ করতে পারছিলাম না। এ বিষয়ে সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। এরপর অনলাইন ফি পরিশোধসহ ফরম পূরণের পুরো প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন।’
সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ভর্তি হন। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।