অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার | Daily Chandni Bazar অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৬ ২৩:১৪
অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার

চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাত থেকে নিট ৩০ হাজার ১০৭ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ডিসেম্বর প্রান্তিকের ট্রেজারি বিল-বন্ডের ক্যালেন্ডার অনুযায়ী, এ প্রান্তিকে সরকারের নিট ঋণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ১০৭ কোটি টাকা। এর আগে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ নেওয়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকার বেশি।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ে ঘাটতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে সরকারের অর্থের চাহিদা বাড়ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ২৯ হাজার কোটি টাকা কম হয়েছে। গত অর্থবছরের তুলনায় আদায় কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আগামী তিন বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে এক লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরই অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা। জুলাই, ডিসেম্বর ও আগামী বছরের জুলাইয়ে তিন ধাপে মূল বেতন কার্যকর হবে। এছাড়া ২০২৮ সালের জানুয়ারি থেকে কর্মকর্তা-কর্মচারীরা সব ধরনের ভাতা পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ কোন খাতে ব্যয় হবে, তা নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়। তবে সরকারের ব্যাংকঋণ বাড়লে সুদ পরিশোধের ব্যয়ও বাড়বে। এতে ভবিষ্যতে রাজস্ব আয়ের ওপর আরও চাপ তৈরি হতে পারে।