বগুড়ায় প্রকাশ্য দিবালোকে এক কলেজছাত্রীকে রিকশা থেকে নামিয়ে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেওয়ায় তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি রেজওয়ানুল হাসান রাতুল (২০)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত রোববার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শহরের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার অন্য দুজন হলেন সিনান রহমান স্বপ্নীল (১৫) ও নূরে মোজাচ্ছেম কাইফ (১৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য কোচিংয়ে যাচ্ছিলেন। তিনি রিকশায় করে কালীমন্দির এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক রিকশার গতিরোধ করেন। পরে তাকে জোর করে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
এ সময় কলেজছাত্রী চিৎকার করে সাহায্য চাইলে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি প্রতিরোধের চেষ্টা করলে একপর্যায়ে রেজওয়ানুল হাসান রাতুল ধারালো ছুরি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বগুড়া সদর থানায় মামলা করেন। মামলায় রেজওয়ানুল হাসান রাতুল, সিনান রহমান স্বপ্নীল ও নূরে মোজাচ্ছেম কাইফের নাম উল্লেখ করে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার তদন্তের অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় কলেজছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা ও হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।