প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬ ০০:০৫
বগুড়া শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি
ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত
৫-৪ গোলে জয়ী আল আমিন ক্রীড়া চক্র
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের
মাড়িয়া যুব কল্যাণ সংঘ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাড়িয়া খেলার মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
সেমিফাইনালের উত্তেজনাকর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের
সভাপতি জাহাঙ্গীর আলম এবং ম্যাচের উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। বক্তব্য প্রদানকালে তারা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও ক্রীড়াঙ্গনের বিকাশে নানামুখী ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলা ভিত্তিক মিনিস্টেডিয়াম নির্মাণের পাশাপাশি ইতিমধ্যেই বগুড়ার ক্রীড়াঙ্গনের বিকাশে দৃশ্যমান নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদকের বিস্তার রুখে দেয়াসহ সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে তুলতে যুব সমাজকে ক্রীড়ামুখী করার কোন বিকল্প নেই। তাই এলাকাভিত্তিক ছোট বড় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে যেখানে অংশ নিচ্ছেন আমাদের কোমলমতি শিক্ষার্থীরাসহ বর্তমান প্রজন্মের সকলে যা ইতিবাচক আগামীর জানান দেয়। জেলা যুবদলের শীর্ষ এই দুই নেতা আরো বলেন, এই সরকারের বয়স মাত্র ৭ মাস। ভঙ্গুর এবং অস্থিতিশীল একটি দেশের দায়িত্ব নিয়ে এই স্বল্প সময়েও এই সরকার বিগত সরকারে রেখে যাওয়া ঋণ পরিশোধসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরা, জেলাভিত্তিক সমতার উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জনগণের কল্যাণমুখী কাজ করে যাচ্ছেন। বহির্বিশ্বের যুদ্ধের কারণে বেশ কিছু বিষয়ে টালমাটাল থাকলেও তাও সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। তারা বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার দায়িত্ব পালন করছেন, তাই ইতিবাচক আগামীর প্রত্যাশায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে আহ্বান জানান তারা।
মাড়িয়া যুব কল্যাণ সমিতির সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, শাজাহানপুর
উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন প্রমুখ। ম্যাচের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাড়িয়া যুব কল্যাণ সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম, কে.এম রহমত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আলী খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিনুর রহমান ও ক্রীড়া সম্পাদক খায়রুল বাশার।
২য় সেমিফাইনাল ম্যাচে বগুড়া শহরের আল আমিন ক্রীড়া চক্রের সাথে শাজাহানপুর উপজেলার নগর অল স্টার ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ে
কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ৫-৪ গোলে নগর অল স্টার ক্লাব কে হারিয়ে আল আমিন ক্রীড়া চক্র বিজয় অর্জন করে।