বিনা টিকিটে ট্রেনযাত্রা, তিন দিন পর চিরকুটসহ ৩০ টাকা ফেরত | Daily Chandni Bazar বিনা টিকিটে ট্রেনযাত্রা, তিন দিন পর চিরকুটসহ ৩০ টাকা ফেরত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ ০০:৫৮
বিনা টিকিটে ট্রেনযাত্রা, তিন দিন পর চিরকুটসহ ৩০ টাকা ফেরত
নিজস্ব প্রতিবেদক

বিনা টিকিটে ট্রেনযাত্রা, তিন দিন পর চিরকুটসহ ৩০ টাকা ফেরত

তাড়াহুড়ার কারণে টিকিট না কেটে ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার পথে টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধের কথা ভুলে যাননি। তাই তিন দিন পর বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী।

শনিবার (১০ অক্টোবর) স্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার এ ঘটনা ঘটে। চিরকুটে মাহী জানান, গত ৭ অক্টোবর তিনি বগুড়া থেকে সান্তাহার যাওয়ার সময় তাড়াহুড়ার কারণে টিকিট কাটতে পারেননি। তবে ফেরার সময় টিকিট কেটেছিলেন।

চিরকুটে তিনি লেখেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে আমি সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’

রোববার (১১ অক্টোবর) বগুড়া রেলস্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ বলেন, যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। তবে রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি চিরকুট ও টাকা রেখে গেছেন, তাঁর পরিচয় জানা গেলে তাঁকে ধন্যবাদ জানানো যেত।

তিনি আরও বলেন, রেলওয়ে সবার সম্পদ। তাই এর যত্ন ও সুরক্ষায় সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।