বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আটক হলো ছাত্রলীগ নেতা | Daily Chandni Bazar বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আটক হলো ছাত্রলীগ নেতা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬ ১৪:৩৮
বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আটক হলো ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আটক হলো ছাত্রলীগ নেতা

বগুড়া শহরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথায় এক ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে হেঁটে যান। পরে ছবি দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ। তিনি গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্ণ নিষিদ্ধ ঘোষিত গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। তাঁর পরিচয় শনাক্তের পর বুধবার ভোরে গাবতলীতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, বর্ণের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর বুধবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।