বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন | Daily Chandni Bazar বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ২৩:৪৭
বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন
কাহালু, বগুড়া সংবাদদাতা

বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার অপর দুই আসামি মো. মামুন মন্ডল (৩৮) ও মো. রকি (২৬)-এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি কাহালু উপজেলার পাইকপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর শিতলাইগ্রামে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই কিশোরী। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে মেহেদী হাসান, তাঁর ভাই মো. মামুন মন্ডল ও ভাগনে মো. রকিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে তুলে নিয়ে যান। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা লাবনী আক্তার বাদী হয়ে ২০২৫ সালের ৮ এপ্রিল কাহালু থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত মেহেদী হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান বলেন, এ রায়ে বাদীপক্ষের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। সমাজে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।