বগুড়ার শেরপুর পৌরসভার হাটখোলা রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জননী ফার্মেসিসহ পাঁচটি দোকানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো জননী ফার্মেসি (৫০ হাজার টাকা), জাহাঙ্গীর স্যানিটারি (২০ হাজার টাকা), সাথী ফার্মেসি (১০ হাজার টাকা), কনক ফার্মেসি (৫ হাজার টাকা) ও মনিকা ফার্মেসি (৫ হাজার টাকা)।
অভিযান সূত্রে জানা যায়, চারটি ওষুধের দোকানে অবৈধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিকের রেজিস্টার সংরক্ষণ না করা এবং লাইসেন্স না থাকার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে দোকানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া লাইসেন্স না থাকায় একটি রড-সিমেন্টের দোকানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন দেন বগুড়ার ড্রাগ সুপার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।