প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০০:১৩
কোন বসন্তের কোকিল যেন দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারেঃ চন্দন
জয়পুরহাট সংবাদদাতাঃ
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নেতাকর্মীদের পরিশ্রমের উপর দাড়িয়ে কোন বসন্তের কোকিল, কোন জার্সি বদলকারী যেন দলের ভাবমুর্তি ক্ষুন্ন করতে না পারে এটা দেখার দায়িত্ব আপনাদের। যদি কেউ দলের নাম ভাঙিয়ে কোন বসন্তের কোকিল বা গুপ্ত বাহিনী চাঁদাবাজি, স্বজনপ্রীতির চেষ্টা করে দলের ইমেজ নষ্ট করার চেষ্টা করে প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব ওই জায়গায় বাধা দেওয়া। দলের মালিক নেতাকর্মী সকলেই। সকলেই মিলে একটি সুন্দর দেশ গড়বো।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য র্যারি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়।
জেলা যুবদলের আহয়াবক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ।