মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই | Daily Chandni Bazar মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০০:৫৭
মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই
নওগাঁ সংবাদদাতাঃ

মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই

নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে এক ব্যক্তিকে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৭ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তার দুজন হলেন বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম, ১৮, এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত, ১৮। ভুক্তভোগী হুমায়ুন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম ও রহিতের সঙ্গে পরিচয় হয় হুমায়ুন কবিরের। তাঁদের ডাকে সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারাগাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান তিনি। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে তাঁকে কৌশলে হাটশাপিলা এলাকায় নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁদের আরও কয়েকজন সহযোগী জড়ো হন। একপর্যায়ে হুমায়ুন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করা হয়। পরে তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও টাকা নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা।

ঘটনার পর হুমায়ুন কবির বদলগাছী থানায় মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধারসহ সিয়াম ও রহিতকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে অন্যদের আকৃষ্ট করার কথা জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বদলগাছী থানার উপপরিদর্শক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।