ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীর বিয়ের প্রস্তাবে পরিবারের অসম্মতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
মঙ্গলবার ২৭ অক্টোবর রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ওই গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে কিশোরীর পরিবার এ বিয়েতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে কিশোরীর সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যান রাকিব। এ সময় কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
বিজয়নগর থানার পরিদর্শক তদন্ত রাজীব চন্দ্র সরকার বলেন, কিশোরীর বিয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।