প্রতিবন্ধী নারীদের উন্নয়নে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান বগুড়া জেলা প্রশাসকের | Daily Chandni Bazar প্রতিবন্ধী নারীদের উন্নয়নে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান বগুড়া জেলা প্রশাসকের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:৪১
প্রতিবন্ধী নারীদের উন্নয়নে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান বগুড়া জেলা প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী নারীদের উন্নয়নে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান বগুড়া জেলা প্রশাসকের

 উইমেন উইথ ডিজএ্যাবেলিটিস ডেভলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির (এফজেএস) অর্থায়নে বাস্তবায়িত ‘টাচ টু হার্ট এ্যাস্ক ফর ইকুয়্যালিটি’ (টিএইচএই) প্রকল্পের আওতায় ‘প্রোজেক্ট ক্লোজিং অপারেশন টু লোকাল এ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। সভাটি সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডব্লিউডিডিএফ’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউডিডিএফ’র কর্মসূচি সহ-সমন্বয়কারী শারমিন আক্তার দোলন। মূল প্রবন্ধে তিনি বগুড়া জেলায় টিএইচএই প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম, অর্জিত অগ্রগতি এবং প্রতিবন্ধী নারীদের জীবনমান উন্নয়নে ডব্লিউডিডিএফ’র ভূমিকা ও সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, যেসব এনজিও ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করে, তাদের অনেকের লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা। কিন্তু ডব্লিউডিডিএফ’র কার্যক্রম ব্যতিক্রমধর্মী। বগুড়া জেলায় প্রতিবন্ধী নারীদের জীবনমান উন্নয়নে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডব্লিউডিডিএফ’র প্রতিটি কার্যক্রম দৃশ্যমান এবং প্রশংসনীয়। তিনি আরও বলেন, ডব্লিউডিডিএফ’র বর্তমানে বগুড়া জেলার চারটি ইউনিয়নে কাজ করলেও ভবিষ্যতে সংস্থাটির কার্যক্রম যেন ৪০টি ইউনিয়নে সম্প্রসারিত হয়, সেটিই তার প্রত্যাশা। তিনি উল্লেখ করেন, ডব্লিউডিডিএফ’র শুধু প্রতিবন্ধী নারীদের সচেতনতা বৃদ্ধিতেই কাজ করছে না; বরং তাদের নেতৃত্বের বিকাশ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন বগুড়ার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ান হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হাবিবা ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার হাসনা জাহান, সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী সমাজসেবা কর্মকর্তা আসমাউল হুসনা, বগুড়ার সহকারী তথ্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার। এছাড়াও সভায় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী নারী ও তাদের প্রতিনিধিবৃন্দ, প্রতিবন্ধী মেয়ে শিক্ষার্থী এবং ডব্লিউডিডিএফ’র প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।