প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০১:৪৫
বগুড়ার সোনাতলায় দৈনিক নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান নিয়ে প্রকাশিত দৈনিক নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সোনাতলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় সোনাতলা পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার মাধ্যমে দৈনিক নয়াদিগন্ত জনমানুষের আস্থা অর্জন করেছে। গ্রামীণ জনপদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং গুজব প্রতিরোধে পত্রিকাটি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গণমাধ্যম প্রশাসনের গঠনমূলক সহযোগী হিসেবে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ আবুল কালাম আজাদ।
দৈনিক নয়াদিগন্তের সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, ইসলামী ব্যাংক সোনাতলা শাখা ব্যবস্থাপক কাজিউল ইসলাম, মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী,সাংবাদিক ইকবাল কবির লেমন,রিমন আহম্মেদ বিকাশ,আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ওমর ফারুক,শামীম আক্তার, এএম ইন্টারন্যাশনাল লিঃ ব্যবস্থপনা পরিচালক মাহফুল আলম প্রমূখ।